ভারতে অবস্থানরত কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানায় পরিবর্তন আসছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন দুটি কেন্দ্রে ভিসার আবেদন জমা ও সংগ্রহ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতার বাংলাদেশ উপদূতাবাস এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ঠিকানা পরিবর্তনের এই তথ্য নিশ্চিত করে, যা কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত সিমসিস টাওয়ারের প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি ও জিপি-তে নতুন ভিসা কেন্দ্র চালু করা হবে। একই সঙ্গে শিলিগুড়ির সেবক রোডের সিটি মলের দ্বিতীয় তলায় বাংলাদেশের ভিসা আবেদনের নতুন কেন্দ্রটির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। নতুন দুটি কেন্দ্রে ভিসা সংক্রান্ত পরিষেবা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস’ নামের প্রতিষ্ঠানকে।
এর আগে কলকাতা ও শিলিগুড়িতে ভিসা কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’। বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী এই আউটসোর্সিং প্রতিষ্ঠানের মেয়াদের শেষ দিন আগামী ৩০ নভেম্বর। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর উক্ত সংস্থার সঙ্গে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
পুরোনো পরিচালনকারী প্রতিষ্ঠানের কেন্দ্র দুটি বন্ধ হয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে বাংলাদেশে আসার জন্য ভিসাপ্রার্থী ভারতীয় নাগরিকদের মাঝে সাময়িক উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়। তবে উপদূতাবাস স্পষ্ট করেছে যে পরিষেবা বন্ধ হচ্ছে না, বরং কেন্দ্র স্থানান্তরিত হচ্ছে। ১ ডিসেম্বর থেকে নতুন কেন্দ্রগুলোর মাধ্যমেই আগের মতোই ভিসার আবেদন ও গ্রহণের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যাবে।






























