নগদ ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে সব অনুমোদিত ডিলার ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো এক চিঠিতে এই নতুন নির্দেশনা দেওয়া হয়। নগদ বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখা এবং গ্রাহকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ব্যাংকগুলো নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির সময় নির্ধারিত বিলস ফর কালেকশন বা বিসি বিক্রয় হারের চেয়ে বেশি দাম নিতে পারবে না। সাধারণত ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে টিটি ক্লিন, টিটি ডকুমেন্ট ও ওডি সাইট রেট ব্যবহার করে থাকে। তবে বিক্রির ক্ষেত্রে তারা মূলত বিসি রেট অনুসরণ করে। এখন থেকে নগদ ডলার বিক্রির ক্ষেত্রেও এই বিসি রেটকেই সর্বোচ্চ দর হিসেবে গণ্য করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক সব অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোকে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।
এই পরিবর্তনের ফলে বিদেশ ভ্রমণকারী, চিকিৎসার জন্য বিদেশগামী রোগী এবং বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের ডলার কেনার খরচ কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ব্যাংক খাতসংশ্লিষ্ট অনেকের মতে, নগদ ডলারের সরবরাহ সীমিত থাকায় এই সিদ্ধান্ত ব্যাংকগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। কারণ, খোলাবাজারে ডলারের দাম ব্যাংকের নির্ধারিত বিক্রয় হারের চেয়ে বর্তমানে বেশ বেশি রয়েছে।






























