নির্ধারিত ২০ ওভারে ১৮৬ রান করে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে জয় তুলে নিয়েছে এমআই এমিরেটস। ম্যাচে ৮৯ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলার পর সুপার ওভারেও ব্যাট হাতে জ্বলে উঠলেন নিকোলাস পুরান। শেষ বলে ছক্কা মেরে তিনি দলের জয় নিশ্চিত করেন।
এমআই এমিরেটসের ১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডেজার্ট ভাইপার্স এক সময় বেশ চাপে পড়েছিল। শেষ ১৮ বলে তাদের প্রয়োজন ছিল ৪৫ রান। এরপর ভ্রিতিয়া অরবিন্দ ১২ বলে ২৫ রান করে জয়ের সম্ভাবনা তৈরি করেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান। জহুর খানের প্রথম বলে চার মারলেও পরের বলেই অরবিন্দ আউট হয়ে যান। এরপর মুজিব উর রহমান একটি বাউন্ডারি মারেন এবং খুজাইমা তানভীর শেষ দিকে কিছু গুরুত্বপূর্ণ রান যোগ করেন। জহুর খানের একটি হাফ-ভলি বলে ছক্কা এবং পরে একটি কানায় লাগা শটে চার মেরে ম্যাচ টাই করেন ভাইপার্স।
সুপার ওভারে ক্রিস জর্ডানের অসাধারণ বোলিংয়ে এমআই এমিরেটস মাত্র ৭ রান ডিফেন্ড করার সুযোগ পায়। ভাইপার্সের হয়ে তানভীর বোলিং শুরু করলেও শেষ বলে এমআই এমিরেটসের ৫ রানের প্রয়োজন থাকাকালে তিনি একটি ফুল-টস বল করে বসেন, যা কাজে লাগিয়ে পুরান জয় নিশ্চিত করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে এমআই এমিরেটস চার উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে। কুশল পেরেরা ৪৫ বলে ৭৬ এবং নিকোলাস পুরান ৫৭ বলে ৮৯ রান করেন। শুরুতে ধীরগতির ব্যাটিং করলেও শেষ দিকে পুরান মারমুখী হয়ে ওঠেন এবং পেরেরার সঙ্গে শতরানের জুটি গড়েন।
জবাবে ব্যাট করতে নেমে ফখর জামান ৪২ রান করেন এবং আন্দ্রিস গাউস ও শিমরন হেটমায়ার ৫৭ রানের জুটি গড়ে দলকে ১৪ ওভার শেষে ১১৯ রান পর্যন্ত নিয়ে যান। তবে এরপরই ক্রিস জর্ডান দুর্দান্ত বোলিং করে গাউস, শাদাব খান ও হেটমায়ারকে আউট করে ম্যাচ ঘুরিয়ে দেন। রশিদ খান জো ক্লার্ক ও টম কারানকে সাজঘরে ফেরালে ভাইপার্স ১৪২ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল, সেখান থেকেই ম্যাচটি সুপার ওভার পর্যন্ত গড়ায়।
























