দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর সুরক্ষা এবং সেগুলোকে পর্যটনবান্ধব করে গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম আয়তনের বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী জমিদার বাড়ির বিভিন্ন ভবন ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন। তিনি স্থাপনাটির বর্তমান রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটকদের ভোগান্তি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। বালিয়াটি জমিদার বাড়িতে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও তিনি সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।
মন্ত্রী পরিদর্শনের সময় সম্প্রতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত জমিদার বাড়ির সামনের ওয়াকওয়ে সংস্কারের জন্য সাটুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তাৎক্ষণিক নির্দেশ দেন। উল্লেখ্য, পর্যটন মন্ত্রণালয়ের অর্থায়নে ৭৫ লক্ষ টাকা ব্যয়ে এই ওয়াকওয়েটি নির্মাণ করা হয়েছিল।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশন বোর্ডের ডিরেক্টর মহিউদ্দিন হেলাল, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বালিয়াটি প্রাসাদ জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান নিয়াজ মাখদুম এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আওয়াল, আব্দুর রহমান, শাহীন আযাদ বিল্পব, মোহাম্মদ আমীর হামজা, মো. ফরিদ হোসেন, বরকত মল্লিক ও মহসিন উজ্জামান।
স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা মন্ত্রীর এই পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, যথাযথ সংস্কার ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে বালিয়াটি জমিদার বাড়িতে দেশি-বিদেশি পর্যটকদের আগমন বাড়বে, যা স্থানীয় পর্যটন শিল্পের বিকাশে বড় ভূমিকা রাখবে।


























