যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ১০টার দিকে (১৭০০ জিএমটি) মেরিন কোর এয়ার স্টেশন মিরামারের কাছে এই দুর্ঘটনা ঘটে। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন।
ঘটনাস্থল থেকে পাইলটকে উদ্ধার করা হয়েছে এবং তাকে একটি মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, পাইলট বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং তার আঘাতগুলো প্রাণঘাতী নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত বিমানের স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন।
মেরিন কোর এয়ার স্টেশন মিরামার বিশ্বজুড়ে মার্কিন নৌবাহিনীর বিখ্যাত 'টপ গান' স্কুল হিসেবে পরিচিত, যা ১৯৮৬ সালের টম ক্রুজ অভিনীত 'টপ গান' সিনেমার মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পায়। নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তথ্য অনুযায়ী, উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম প্রতিটি এফ-৩৫বি স্টিলথ যুদ্ধবিমানের মূল্য প্রায় ১০৯ মিলিয়ন ডলার।
































