লক্ষ্মীপুরে তীব্র গ্যাস সংকট নিরসন এবং জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশনটি দ্রুত চালুর দাবিতে সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ সিএনজি চালকরা। রোববার রাতে গ্রীন লাইফ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ ছিল, যার ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
বিক্ষোভকারী চালকদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাধ্য হয়ে তাদের দূরবর্তী এলাকা থেকে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে, যা একদিকে যেমন অতিরিক্ত সময়ের অপচয় ঘটাচ্ছে, তেমনি বাড়ছে বাড়তি খরচ। দৈনিক আয়ের বড় একটি অংশ জ্বালানি সংগ্রহের পেছনে ব্যয় হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে জানান তারা।
সড়ক অবরোধের ফলে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ট্রাফিক ইন্সপেক্টর কামরুল হাসান আন্দোলনরত চালকদের সাথে আলোচনা করেন। তিনি জানান, গ্যাস সংকটের কারণে চালকরা হতাশ হয়ে হট্টগোল শুরু করেছিলেন। পুলিশ তাদের শান্ত করে এবং বিষয়টি স্থানীয় কোনো সমস্যা নয়, বরং জাতীয় পর্যায়ের সংকট হিসেবে বুঝিয়ে বললে তারা রাস্তা ছেড়ে দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চালকদের দাবি পৌঁছে দেওয়ার আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।






























