বায়ার লেভারকুসেন ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন বসনিয়ান তরুণ ফুটবলার কেরিম আলাইবেগোভিচ। ইতালির ঐতিহ্যবাহী এই ক্লাবে যোগ দিতে পেরে নিজের উচ্ছ্বাস ও গর্বের কথা জানিয়েছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। জুভেন্টাসের কালো-সাদা জার্সি গায়ে জড়ানোকে তিনি বড় একটি সম্মান হিসেবে দেখছেন।
রবিবার জুভেন্টাসের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেন আলাইবেগোভিচ। এরপর ক্লাবের নিজস্ব মাধ্যমে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি তুরিনে নিজের প্রথম অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, গতকাল অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে আমি দারুণ কিছু অনুভূতি অনুভব করেছি। মাঠে নামার জন্য আমার আর তর সইছে না। এই ক্লাবের জার্সি পরা আমার জন্য অনেক বড় সম্মানের এবং আমি আমার সেরাটা উজাড় করে দেব।
নিজের খেলার ধরন সম্পর্কে বলতে গিয়ে আক্রমণাত্মক মানসিকতার এই তরুণ জানান, তিনি বল পায়ে রাখতে পছন্দ করেন। এছাড়া শট নেওয়া, ড্রিবলিং, সুযোগ তৈরি এবং পাসিংয়ে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আক্রমণের গতি বাড়াতে নিজের পুরো শক্তি ঢেলে দিয়ে সবসময় সামনের দিকে বল বাড়াতে চান তিনি।
ইতালিয়ান ফুটবলের সঙ্গে আলাইবেগোভিচের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। গত মার্চে তার দেশ বসনিয়ার হয়ে ইতালির বিপক্ষে পেনাল্টি শুটআউটে গোল করেছিলেন তিনি, যার ফলে ইতালি ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সেই কঠিন ম্যাচের স্মৃতিচারণ করে তিনি বলেন, ইতালির বিপক্ষে ম্যাচটি দারুণ ছিল। ভাগ্যক্রমে আমরা শেষ পর্যন্ত জিতেছিলাম, তবে ম্যাচটি অত্যন্ত কঠিন ছিল এবং তারা খুব ভালো খেলেছিল।
সেরি এ এবং ইতালিয়ান ফুটবলের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত দাবি করে তিনি আরও বলেন, ইতালির সবচেয়ে বড় ক্লাবে খেলা অত্যন্ত গর্বের বিষয়। তবে নিজেকে আরও উন্নত করতে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে।

























