‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৩৫০ জন শিক্ষার্থীর হাতে ৬০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), কক্সবাজার জেলা প্রেসক্লাব, গ্রীণ কক্সবাজার, প্রান্তিক চাষি সমাজ উন্নয়ন সংস্থা ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম চালানো হচ্ছে। তিনি ঘোষণা করেন, এখন থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল করলে বই বা ক্রেস্টের পাশাপাশি একটি করে গাছের চারা উপহার দেওয়া হবে। ইউএনও আরও বলেন, শিক্ষার্থী নিজের হাতে গাছ রোপণ ও পরিচর্যা করলে তার মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ তৈরি হয়।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজার জেলা শাখার আহবায়ক ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী। তিনি বলেন, একটি গাছ কেটে ফেলা মানে ২৭ জন মানুষকে হত্যা করার সমান ক্ষতি। তাই গাছ না কেটে বেশি বেশি গাছ রোপণের আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি এইচ এম ফরিদুল আলম শাহীন জানান, আগামী ছয় মাস পর শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে রোপণ করা গাছের মান দেখে পুরস্কার প্রদান করা হবে।
অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, প্রভাষক রিয়াজ উদ্দিন, শিক্ষক জসিম উদ্দিন ও নজরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবদুল করিম এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শামসুল আলম শ্রাবণ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।































