যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সঙ্গে আলোচনার যে দাবি তোলা হয়েছিল, তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সোমবার (৩ আগস্ট) এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন যে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো ধরনের আলোচনা চলছে না।
ইসমাইল বাঘেই জানান, ইরান বর্তমানে কেবল ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করছে। এই প্রক্রিয়ায় কোনো তৃতীয় পক্ষের অংশগ্রহণ নেই। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিষয়গুলো এবং ওয়াশিংটনের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তীতে পর্যালোচনা করা হবে।
এর আগে নিউ জার্সি সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প সাংবাদিকদের দাবি করেছিলেন যে, সোমবার থেকেই ইরানের সঙ্গে আলোচনা শুরু হবে। তবে বৈঠকের স্থান বা অংশগ্রহণকারীদের বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি। এছাড়া কোনো নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছিলেন তিনি।
এর আগে শনিবার (১ আগস্ট) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ একটি চুক্তি চূড়ান্ত করার জন্য অতিরিক্ত সময় চেয়েছে, যার ফলে ইরানের জ্বালানি স্থাপনায় সর্বাত্মক হামলা স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের ভাষ্যমতে, এই সম্ভাব্য চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান সম্ভব হতো। তিনি তেহরানকে দ্রুত সমঝোতায় পৌঁছানোর আহ্বানও জানিয়েছিলেন। তবে ইরানের সাম্প্রতিক এই বক্তব্যে এটি পরিষ্কার যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন কোনো আনুষ্ঠানিক আলোচনা চলছে না।


























