বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের সাম্প্রতিক বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে তিনি শিবির সভাপতিকে পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন।
আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ছাত্রদল সাধারণ সম্পাদক এসব মন্তব্য করেন। তিনি লেখেন, ‘আমরা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না’— ছাত্রশিবির সভাপতির এ ধরনের বক্তব্য শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি। যারা ফ্যাসিবাদী শাসনের পুরোটা সময় আন্ডারগ্রাউন্ডে কাটিয়েছে এবং নিজেদের সংগঠন নিষ্ক্রিয় রেখে প্রকাশ্যে ছাত্রলীগের ছত্রছায়ায় মিশে থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাদের মুখে আজ শক্তির আস্ফালন অত্যন্ত হাস্যকর।
নাছির উদ্দীন নাছির তার পোস্টে আরও অভিযোগ করেন, এখনও ছাত্রশিবিরের একটি অংশকে আন্ডারগ্রাউন্ডে রেখে অপর অংশকে সংঘাত সৃষ্টির কাজে নামানো হয়েছে। এটি শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার পুরোনো কৌশলেরই পুনরাবৃত্তি মাত্র। ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর ও চট্টগ্রামের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী মহড়া এবং ত্রাসের রাজত্ব সৃষ্টি করে বিকৃত উল্লাস করা হয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা এখন আর ছাড় দিচ্ছে না এবং তাদের প্রতিরোধ করতে শুরু করেছে।
শিবির সভাপতির বক্তব্যকে চ্যালেঞ্জ করে ছাত্রদল সাধারণ সম্পাদক লেখেন, ‘১০ মিনিট নয়, ১০ বছরও নয়, আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে পারবেন না।’
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্পষ্টভাবে বলতে চায় যে, তারা কোনো ধরনের সংঘাতে বিশ্বাসী নয়। তারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। তবে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হুমকি কিংবা উসকানির মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো অপচেষ্টা সাধারণ শিক্ষার্থীরাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।






























