ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওই ছাত্রীকে কৌশলে স্থানীয় একটি বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে নির্যাতন করা হয় এবং সেই ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামি রাহাত, সিয়াম ও ইমনকে গ্রেপ্তার করেছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান।
ওসি মনিরুজ্জামান জানান, ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগীর পরিবার জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ




























