দেশের প্রতিটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীরা যে গাছগুলো রোপণ করবে, সেগুলোর সঠিক হিসাব রাখা হবে এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের তালিকা সংরক্ষিত থাকবে। তিনি আরও বলেন, যদি প্রয়োজন হয় তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গাছ সরবরাহ করা হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা প্রত্যেকে বাসার সামনে, স্কুল-কলেজে কিংবা রাস্তার পাশে একটি করে গাছ লাগাবে।
বৃক্ষরোপণের জন্য বর্তমান সময়কে সবচেয়ে উপযুক্ত হিসেবে অভিহিত করে আমিনুল হক বলেন, এ সময় গাছ লাগালে বর্ষার পানি ও অনুকূল আবহাওয়ার কারণে চারা দ্রুত বড় হওয়ার সুযোগ পায়। তাই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এখনই বৃক্ষরোপণ কার্যক্রমে শামিল হতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, একটি গাছ পরিবেশের উপকারের পাশাপাশি ভবিষ্যতে মানুষকে ছায়া, ফল ও ভেষজ গুণাবলি দিয়ে সহায়তা করতে পারে। তিনি আরাফাতের ময়দানের নিমগাছের উদাহরণ টেনে বলেন, মানুষের উপকারে আসে এমন একটি গাছ লাগানো অনেক বড় একটি ভালো কাজ।
বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। সব শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগায়, তবে সামগ্রিকভাবে বড় ধরনের সবুজায়ন সম্ভব হবে। তিনি বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলোতে শত শত গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।































