দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের আগামী ১০ বছরের কর্মপরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী জানান, এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো স্কুল-কলেজ, হাসপাতাল, শিল্পকারখানা ও বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং যানবাহনের জন্য প্রয়োজনীয় গ্যাসের টেকসই ব্যবস্থা গড়ে তোলা।
তারেক রহমান অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী শাসনামলে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে গুটিকয়েক ব্যক্তির স্বার্থে ব্যবহার করা হয়েছে, যা জনস্বার্থের পরিপন্থী ছিল। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থ বিবেচনায় এই খাতকে পরিকল্পিতভাবে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে। বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা কিছু মহলের সমালোচনা করে তিনি বলেন, সরকার সংসদে পরিকল্পনা পেশ করবে এবং অন্য কারো কোনো প্রস্তাব থাকলে তা যেন জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা হয়। বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনশান্তি নষ্ট করার সুযোগ নেই বলে তিনি হুঁশিয়ারি দেন।
দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য জ্বালানি ও বিদ্যুৎ খাতের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। তিনি জানান, আনোয়ারায় চীনকে বড় আকারের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে কয়েকশ কারখানা স্থাপিত হবে। এতে চট্টগ্রামের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হবে।
কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান জানান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি এবার ‘কৃষক কার্ড’ প্রবর্তন করা হচ্ছে। এর আওতায় বাঁশখালীর লবণ চাষিরাও অন্তর্ভুক্ত হবেন। এছাড়া লবণ চাষিদের অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করতে লবণের ন্যায্যমূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে, যা দ্রুতই ঘোষণা করা হবে।
জনসভায় প্রধানমন্ত্রী বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন। এছাড়া চলতি অর্থবছরে সারাদেশে প্রায় ৪১ লাখ পরিবারের মায়ের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে বাঁশখালীতে ১০ থেকে ১২ হাজার পরিবারের মাঝে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: Dhaka Post



























