দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭২ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই পরিসংখ্যানটি গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন এবং ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন, খুলনা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে চারজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪৫ জনে। এর মধ্যে চলতি আগস্ট মাসে ৪ হাজার ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ ৯ হাজার ২০৬ জন রোগী জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের মাস ছিল জুন, যেখানে ২ হাজার ৯০৭ জন রোগী ভর্তি হয়েছিলেন।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসে সাতজন এবং জুলাই মাসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুইজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।

























