সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে। অগ্নিকাণ্ডে মৃতদেহগুলো পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ জন বাসিন্দার পরিচয় পাওয়া গেছে। আত্রাইয়ের ইউএনও মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে সংখ্যাটি ১০-এ পৌঁছায়। আত্রাই উপজেলার নিহতরা হলেন- উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের সাগর (৩১) ও একই গ্রামের মজিদুল (৩৪), উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০) ও কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮)।
নাটোরে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন জানান, নিহতদের মধ্যে খাজুরা শ্রীপুরপাড়া এলাকার সাব্বির হোসেন সোহাগ, দিঘীর পাড় এলাকার শামীম হোসেন এবং মহিষডাঙ্গা এলাকার রবিউল আওয়াল হৃদয় রয়েছেন।
সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, মৃতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং প্রকৃত তথ্য পাওয়া মাত্রই তা জানানো হবে।



























