চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন। অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, নির্ধারিত সময়েই একযোগে সব বোর্ডের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, অভিন্ন ওয়েবসাইট (eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd) এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন।
মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে ‘SSC’ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।
বোর্ডভিত্তিক এসএমএস ফরম্যাটের ক্ষেত্রে ঢাকা বোর্ডের জন্য ‘SSC DHA ROLL YEAR’, মাদরাসা বোর্ডের জন্য ‘SSC MAD ROLL YEAR’ এবং কারিগরি বোর্ডের জন্য ‘SSC TEC ROLL YEAR’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এছাড়া ১৬২২২ নম্বরে এসএমএস করেও ফল জানা যাবে বলে জানানো হয়েছে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে। প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত ওয়েবসাইট থেকে রেজাল্ট কর্নারে গিয়ে ফল সংগ্রহ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ফলাফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী যদি প্রাপ্ত ফলাফলে সন্তুষ্ট না হন, তবে তারা ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এই আবেদন গ্রহণ করা হবে।
পুনর্নিরীক্ষণের বিস্তারিত প্রক্রিয়া এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামীকাল ১১ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হবে।
এসএসসি পরীক্ষার ফল ২০২৬ আ ন ম এহছানুল হক মিলন অনলাইন
একই সময়ে অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
এ চার্জের মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সূত্র: যুগান্তর





























