চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যায় বড় ধরনের ধস নেমেছে। গত বছর ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করলেও, এ বছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার ২২ হাজার ৩৫৬ জন শিক্ষার্থী কম জিপিএ-৫ পেয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।
জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে এবারও মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। উল্লেখ্য, গত বছর ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ও ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র এই কৃতিত্ব অর্জন করেছিল। সামগ্রিক ফলাফলে এবার গড় পাসের হারও কমেছে। এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যেখানে ২০২৫ সালে এই হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নেন।
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।




























