সোমবার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে চাঁদপুর সদরের বিদ্যালয়গুলোর মধ্যে সামগ্রিক সাফল্য ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষস্থান দখল করেছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে এবার ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে ২২৯ জন উত্তীর্ণ হয়েছে। এখানে পাসের হার ৯৬ দশমিক ৬৭ শতাংশ এবং মোট ১০৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আল-আমিন একাডেমি। এই প্রতিষ্ঠান থেকে ৮৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৭৮৪ জন পাস করেছে। বিদ্যালয়টির পাসের হার ৯৩ দশমিক ৮৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন। এছাড়া তৃতীয় অবস্থানে থাকা হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ২০৮ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ।
অন্যদিকে, শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুর। বিদ্যালয়টির ৭০ জন শিক্ষার্থীর সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে ১৭ জন জিপিএ-৫ অর্জন করেছে। সামগ্রিক ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সূচকে চাঁদপুর সদরের বিদ্যালয়গুলোর মধ্যে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সবচেয়ে ভালো ফলাফল করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সোমবার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ



























