ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি নোটিশ প্রকাশের মাধ্যমে তিনি এ তথ্য জানিয়েছেন। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
ফেসবুক পোস্টে দেওয়া ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রতিষ্ঠিত হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে এনটিআরসিএ-এর কার্যক্রম এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে পর্যালোচনা অব্যাহত রেখেছে। এ প্রেক্ষিতে, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানানো হয়েছে।



























