অন্তর্বর্তী সরকারের সম্প্রসারিত ‘এসেনশিয়াল ড্রাগ লিস্ট-২০২৬’ এবং ‘ড্রাগ প্রাইস ডিটারমিনেশন মেথড-২০২৬’ বাতিলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের দেওয়া এক যৌথ বিবৃতিতে অভিযোগ করা হয়, আমলাতান্ত্রিক ও আইনি মারপ্যাঁচের অজুহাতে সরকার বহুজাতিক ও দেশি ফার্মা করপোরেট প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষার চেষ্টা করছে। এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের আগে দেশে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় মাত্র ১১৭টি ওষুধ ছিল, যার প্রায় ৪০ শতাংশ চিকিৎসায় অকার্যকর হয়ে পড়েছিল। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে এই তালিকা ২৯৫টি ওষুধে উন্নীত করে এবং কঠোর মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করে। এই ২৯৫টি ওষুধ দেশের প্রায় ৮০ শতাংশ মানুষের প্রাথমিক চিকিৎসার চাহিদা মেটাতে সক্ষম ছিল। নতুন নীতিতে প্রতিটি কোম্পানিকে তাদের বার্ষিক বিক্রয়ের অন্তত ২৫ শতাংশ অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদন ও সরবরাহ করা বাধ্যতামূলক করা হয়েছিল, যা না মানলে নতুন ওষুধের অনুমোদন বন্ধের বিধানও ছিল।
এনসিপি দাবি করেছে, বর্তমান সরকার ক্ষমতায় এসেই কতিপয় কোম্পানির অতি মুনাফার স্বার্থে এই জনমুখী নীতি বাতিল করেছে। তালিকাটি আবারও সংকুচিত করে ১১৭টিতে নামিয়ে আনা হয়েছে, যা ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা পুরোপুরি ফার্মা মাফিয়াদের হাতে তুলে দেওয়ার শামিল। একে জনগণের চিকিৎসা নিরাপত্তা ধ্বংস করার একটি রাজনৈতিক চক্রান্ত হিসেবে অভিহিত করেছে দলটি।
বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্তের ফলে দীর্ঘমেয়াদি ও জটিল রোগে আক্রান্ত কোটি কোটি রোগী চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যানসার, অ্যাজমা ও কিডনি রোগের মতো ক্রনিক রোগীদের নিয়মিত ওষুধ সেবনের প্রয়োজন হয়। ওষুধের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলে লাখ লাখ মানুষ অর্থের অভাবে চিকিৎসা বন্ধ করতে বাধ্য হবেন, যা দেশে অকাল মৃত্যু ও জটিল ব্যাধির মহামারি ডেকে আনতে পারে।
দলটি আরও জানায়, এটি ৩২ বছরের পুরোনো অকার্যকর ব্যবস্থার পুনর্জন্ম এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি বহাল রাখার একটি নোংরা পদক্ষেপ। ১৯৮২ সালের জনমুখী ওষুধনীতির চেতনাকে উপেক্ষা করে আজ রাজনীতিবিদ, আমলা ও ফার্মা অলিগার্কদের একটি ‘এভিল নেক্সাস’ রাষ্ট্রের নীতি নির্ধারণ করছে। এনসিপি অবিলম্বে তালিকা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে ২৯৫টি ওষুধের জন্য কার্যকর মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে। কোনো পরিপত্রের আড়ালে নয়, বরং গেজেট নিয়ন্ত্রণের মাধ্যমে সব জীবনরক্ষাকারী ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) বেঁধে দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।































