রাজধানীতে সন্ধ্যার পর প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এর ফলে শহরের প্রধান প্রধান সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়েছে এবং যানবাহন ধীরগতিতে চলাচল করছে। রাতে ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, মগবাজার ও মৌচাকসহ আশেপাশের এলাকায় যানজটের তীব্রতা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে।
বৃষ্টির সময় রাজধানীর ধানমন্ডি ১২/এ সড়কের আবাহনী মাঠ এলাকার চার রাস্তার মোড়ে ফুটপাতের একটি গাছ উপড়ে পড়ে। এতে সড়কে থাকা তিনটি প্রাইভেটকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। গাছ পড়ে যাওয়ার কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।





























