২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় ১৮ মাস বাকি। তবে এর দেড় বছর আগেই টুর্নামেন্টের কাঠামোতে হঠাৎ কিছু পরিবর্তন নিয়ে এসেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এমন আকস্মিক সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছে সহযোগী দুই দেশ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড।
আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বিশ্বকাপে 'সুপার সিরিজ' নামে নতুন একটি পর্ব চালু করা হচ্ছে। এই পর্বে অংশ নেবে ওয়ানডে র্যাংকিংয়ের ১২, ১৩ ও ১৪তম স্থানে থাকা তিনটি দল। দলগুলো একে অপরের বিপক্ষে একবার করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এই লড়াইয়ের শীর্ষ দল পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে, যেখানে ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে।
বিশ্বকাপের ঠিক মাঝামাঝি সময়ে এমন নিয়মের পরিবর্তন মেনে নিতে পারছে না স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। যৌথ এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে তারা জানিয়েছে, এই পরিবর্তন সহযোগী সদস্য দেশগুলোর জন্য একটি বড় ধাক্কা। বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে সম্প্রতি যে অগ্রগতি হয়েছে, এই সিদ্ধান্তের ফলে তা ব্যাহত হওয়ার বড় ঝুঁকি তৈরি হয়েছে। যখন ক্রিকেটকে বিশ্ব ক্রীড়াঙ্গনে আরও ছড়িয়ে দেওয়ার এবং নতুন দর্শক টানার চেষ্টা চলছে, তখন সহযোগী দেশগুলোর সুযোগ কমিয়ে দেওয়া সম্পূর্ণ ভুল বার্তা দেয়।
বিবৃতিতে তারা আরও উল্লেখ করেছে, বিশ্বকাপের আর ১৮ মাসেরও কম সময় বাকি থাকতে পর্যাপ্ত আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাছাইপর্বের মাঝামাঝি সময়ে কাঠামো বদলে দেওয়ায় দলগুলোর মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এটি সীমিত সম্পদের ওপর চলা সহযোগী বোর্ডগুলোর জন্য অতিরিক্ত পরিচালনাগত ও আর্থিক চাপ সৃষ্টি করবে। উল্লেখ্য, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।



























