ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ড্রামা ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (বিইউসিসি)। প্রতিযোগিতায় ক্লাবটি তারেক শুভের রচনা ও নির্দেশনায় ‘রেইনকোট’ নাটকটি পরিবেশন করে।
গত ২০ আগস্ট রাতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী পর্বে বিজয়ী দলের হাতে ট্রফি ও সনদ তুলে দেন ইউএপি-এর ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মহিউদ্দিন ভুঁইয়া।
দেশের ১০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে বিইউসিসি এই অবস্থান নিশ্চিত করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল—নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ এবং সরকারি তিতুমীর কলেজ।
এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বিইউসিসির সদস্যরা জানান, সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং পারস্পরিক সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটির এই গৌরবময় অর্জনে বিইউসিসি-এর পুরো দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার এবং উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম। তাঁরা আশা প্রকাশ করেন, সাংস্কৃতিক অঙ্গনে বিইউসিসির সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





























