বেলজিয়ান তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুকে দলে ভেড়াতে ইতালিয়ান ক্লাব নাপোলির সাথে ট্রান্সফার ফি নিয়ে সমঝোতায় পৌঁছেছে তুর্কি জায়ান্ট ফেনারবাখচে। স্কাই স্পোর্ট ইতালি, জিয়ানলুকা দি মারজিওসহ বেশ কয়েকটি ইতালিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বোনাসসহ ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে লুকাকুকে ফেনারবাখচের কাছে বিক্রি করতে রাজি হয়েছে নাপোলি। ইতোমধ্যে তুর্কি ক্লাবটির হয়ে প্রাথমিক মেডিকেল পরীক্ষাও সম্পন্ন করেছেন এই বেলজিয়ান সেন্টার-ফরওয়ার্ড। খুব শিগগিরই চুক্তির আনুষ্ঠানিকতা সারতে ইস্তাম্বুলে উড়াল দেবেন তিনি।
২০২৪ সালের গ্রীষ্মে চেলসি থেকে ৩০ মিলিয়ন ইউরো ও বোনাসের বিনিময়ে নাপোলিতে যোগ দিয়েছিলেন লুকাকু। সেই মৌসুমের শেষে ক্লাবটিকে সিরি এ শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তবে গত গ্রীষ্মে রাসমুস হজলুন্ড নাপোলিতে যোগ দেওয়ার পর স্টাডিও ম্যারাডোনায় শুরুর একাদশে নিজের নিয়মিত জায়গা হারান তিনি। ২০২৪ সালে সই করা তিন বছরের চুক্তির এখন শেষ ১২ মাস বাকি রয়েছে তার।
এদিকে লুকাকুর বিকল্প হিসেবে আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুসকে দলে টানার পরিকল্পনা করছে নাপোলি। গত কয়েক দিনের বিভিন্ন প্রতিবেদনে এমনটাই আভাস পাওয়া গেছে।



























