সিরিয়ার গোলান মালভূমির ওপর ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার যে ঘোষণা কলম্বিয়া দিয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনার চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, গত ১০ আগস্ট কলম্বিয়া যে ঘোষণা দিয়েছে, তা মূলত নিরাপত্তা সংক্রান্ত অজুহাতের ওপর ভিত্তি করে করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। মন্ত্রণালয় পুনরায় জোর দিয়ে বলেছে যে, গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ। কলম্বিয়ার এই অবস্থান জাতিসংঘের সনদ এবং বলপ্রয়োগের মাধ্যমে ভূখণ্ড দখলের অগ্রহণযোগ্যতার নীতির পরিপন্থী। একইসাথে এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৯৮১ সালের ৪৯৭ নম্বর প্রস্তাবনারও লঙ্ঘন।
সিরিয়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অবস্থানের কথা উল্লেখ করেছে, যেখানে তিনি গোলানকে সিরীয় ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং জাতিসংঘও একে সিরিয়ার অংশ হিসেবেই গণ্য করে। সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দখলকৃত গোলানের বিষয়ে সিরিয়ার অবস্থানের প্রতি আন্তর্জাতিক সমর্থন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর প্রমাণ হিসেবে তারা উল্লেখ করে যে, 'দ্য সিরিয়ান গোলান' শীর্ষক জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক প্রস্তাবনার পক্ষে সমর্থন ২০২৪ সালে ৯৭টি দেশ থাকলেও, ২০২৫ সালে তা বেড়ে ১২৩টিতে দাঁড়িয়েছে।
বিবৃতিতে সিরিয়া ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত হামলা ও অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে। একইসাথে আন্তর্জাতিক সম্প্রদায় ও বিভিন্ন সংস্থাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা সমুন্নত রাখার আহ্বান জানানো হয়েছে। সিরিয়া স্পষ্ট করেছে যে, নিজেদের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও অধিকার রক্ষায় এবং দখলকৃত এলাকা পুনরুদ্ধারের লক্ষ্য অর্জনে তারা কূটনৈতিক ও আইনি লড়াই চালিয়ে যাবে।





























