চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল চরাঞ্চলের ইউনিয়নগুলো নিয়ে একটি পৃথক 'দিয়াড় উপজেলা' গঠনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই উদ্যোগের কথা জানান।
নূরুল ইসলাম বুলবুল বলেন, চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এসব নাগরিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। পথসভায় তিনি চরাঞ্চলের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন এবং এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক দুরুল হোদা এবং সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা। এছাড়া সুন্দরপুর ইউনিয়ন আমির দেলোয়ার হোসেন, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইখতিয়ার উদ্দীন শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।































