বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মূলত অভিন্ন জাতীয় স্বার্থ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য একটি কূটনৈতিক বৈঠক এবং আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের উপলক্ষেই তাকে এই আমন্ত্রণ জানানো হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল।
এর পাশাপাশি, আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ প্রধানকে আগামী সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশগ্রহণের জন্য পৃথক আমন্ত্রণ পাঠানো হয়েছে। ব্রিকসের নিয়ম অনুযায়ী আঞ্চলিক জোটের প্রধানদের এতে আমন্ত্রণ জানানো হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ওই অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই কূটনৈতিক পত্রটি পাঠানো হয়েছিল।
মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও জানান, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকটি অত্যন্ত আশাব্যঞ্জক ও ইতিবাচক ছিল। ওই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, ভারতের আয়োজনে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।






























