প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) টানা দ্বিতীয়বারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে। অস্ট্রিয়ার সালজবার্গের রেড বুল অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ ব্যবধানে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। এই জয়ের মাধ্যমে পিএসজি কোচ লুইস এনরিকে ইউরোপীয় ফুটবলে 'ডাবল-ডাবল' উদযাপনের সুযোগ পেলেন। ১৯৯০ সালে এসি মিলান এবং ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের পর তৃতীয় ক্লাব হিসেবে টানা দুইবার এই ট্রফি ধরে রাখার কীর্তি গড়ল পিএসজি।
অন্যদিকে, অ্যাস্টন ভিলার স্প্যানিশ কোচ উনাই এমেরির জন্য সুপার কাপের অধরা ট্রফিটি এবারও ছোঁয়া হলো না। গত মে মাসে ফ্রাইবার্গকে হারিয়ে ভিলার হয়ে রেকর্ড পঞ্চম উয়েফা ইউরোপা লিগ জিতলেও, সুপার কাপের ফাইনালে এটি ছিল এমেরির চতুর্থ পরাজয়। অস্ট্রিয়ার আল্পস পর্বতের পাদদেশে শক্তিশালী পিএসজির মুখোমুখি হওয়ার আগে থেকেই বেশ ব্যাকফুটে ছিল ভিলা। দলটির প্রধান দুই তারকা মরগান রজার্স ও ইউরি তিলেমান্সকে বিক্রি করার পাশাপাশি বিশ্বকাপজয়ী তারকা এমি মার্টিনেজ, অলি ওয়াটকিন্স এবং এজরি কোনসাকে বিশ্রামে রেখে মাঠে নামতে হয়েছিল তাদের।
ম্যাচটিতে মাঠের লড়াইয়ের পাশাপাশি ইতিহাস গড়েছেন রেফারি ওমর আরতান। প্রথম অ-ইউরোপীয় রেফারি হিসেবে উয়েফা সুপার কাপের মতো মর্যাদাপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করেন ৩৪ বছর বয়সী এই সোমালিয়ার রেফারি। দুই মাস আগে বিশ্বকাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি তিনি।
ম্যাচের ২০তম মিনিটেই পিএসজিকে এগিয়ে নেন খভিচা কভারাতসখেলিয়া। ভিলার ডি-বক্সে ঢুকে ডিফেন্ডার ম্যাটি ক্যাশকে কাটিয়ে চমৎকার শটে ভিলা গোলরক্ষক মার্কো বিজোটকে পরাস্ত করেন এই জর্জিয়ান উইঙ্গার।
তবে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ভিলাকে সমতায় ফেরান ১৭ বছর বয়সী তরুণ স্ট্রাইকার ব্রায়ান মাদজো। গত জানুয়ারিতে মেটস থেকে ক্লাবে যোগ দেওয়ার পর ফিফার নিয়মকানুনের জটিলতা কাটিয়ে অবশেষে ভিলার জার্সিতে অভিষেক হয় তার। জন ম্যাকগিনের ক্রস থেকে অসাধারণ ভলিতে গোল করে উয়েফা সুপার কাপের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন মাদজো। এর আগে অবশ্য ম্যাকগিনের ক্রস থেকে দুটি হেড লক্ষ্যভ্রষ্ট করার পাশাপাশি তার একটি শট পিএসজি গোলরক্ষক মাতভে সাফোনভকে ফাঁকি দিয়ে পোস্টে লেগে ফিরে এসেছিল।
দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে পিএসজির পক্ষে জয়সূচক গোলটি করেন দেজিরে দুয়ে। উসমান দেম্বেলের রক্ষণচেরা পাস ধরে বল নিয়ে ডি-বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন এই ফরাসি উইঙ্গার। শুরুতে অফসাইডের কারণে রেফারি গোলটি বাতিল করলেও ভিএআর (VAR) পরীক্ষার পর তা বহাল রাখা হয়। ৭৪ দিন আগে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজি এই গোলের মাধ্যমেই আরেকটি ইউরোপীয় শিরোপা নিজেদের শোকেসে তুলল।




























