যুক্তরাষ্ট্রের মধ্য টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সালাডো গ্রামের দক্ষিণাঞ্চলের একটি মাঠে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে উদ্ধারকারীরা সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন।
মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিধ্বস্ত হওয়া যানটি ছিল একটি এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এটি নিকটবর্তী ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিল, যা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।
বেল কাউন্টি শেরিফ কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পাশাপাশি সেখানে ভয়াবহ আগুন জ্বলতে দেখেন। এই আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছিল এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল বলে উল্লেখ করেন তিনি।
এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। একই সঙ্গে সেখানে জরুরি উদ্ধার তৎপরতাও অব্যাহত রয়েছে। ফার্স্ট ক্যাভালরি ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন এক বিবৃতিতে বলেন, ‘আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো ঘটনাস্থল সুরক্ষিত করা এবং প্রাথমিক উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করা।’
উল্লেখ্য, মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এএইচ-৬৪ অ্যাপাচি হলো দুই ইঞ্জিন ও চার ব্লেডবিশিষ্ট একটি বহুমুখী আক্রমণকারী হেলিকপ্টার। এটি মূলত সশস্ত্র পর্যবেক্ষণ, সম্মুখ যুদ্ধ, ভ্রাম্যমাণ হামলা এবং উল্লম্ব কৌশলগত অভিযান পরিচালনার কাজে ব্যবহার করা হয়ে থাকে।





























