জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত এই অভিনেত্রীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা পাঠাচ্ছেন।
বৃহস্পতিবার থেকে প্রাইম ভিডিওতে শুরু হয়েছে রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় সিজন। করণ জোহরের সঞ্চালনায় এই শোয়ের ২১ জন প্রতিযোগীর একজন শ্বেতা। অনুষ্ঠানটি শুরুর আগে থেকেই তার অংশগ্রহণ নিয়ে ভক্তদের মধ্যে সংশয় ছিল। এদিকে, শোয়ের একটি প্রচারমূলক ভিডিওতে শ্বেতাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে দেখা গেছে। সেখানে তিনি দাবি করেন, দাম্পত্য জীবনে স্বামীর প্রতারণা তিনি সহজেই ধরতে পেরেছিলেন। তার এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
শ্বেতার এই মন্তব্যের কয়েক দিন আগেই তার সাবেক স্বামী রাজা চৌধুরী একটি সাক্ষাৎকারে অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন। রাজার দাবি, তাদের দাম্পত্য জীবনে থাকাকালীন শ্বেতার একাধিক সম্পর্ক ছিল। এমনকি অভিনেতা সিজান খানের সঙ্গেও শ্বেতা সম্পর্কে জড়িয়েছিলেন বলে রাজা অভিযোগ করেন। রাজা আরও জানান, এতদিন তিনি এসব বিষয় নিয়ে নীরব থাকলেও, এই সময়ের মধ্যে তাকেই বারবার নানা অভিযোগের মুখে পড়তে হয়েছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ































