নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারিদের ধরতে গিয়ে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে মাদক কারবারিরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধসহ দুইজনকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেলে ফতুল্লার ইসদাইর এলাকার আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন—জসিম (২৪) ও মোহন (২৩)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন—এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার এবং পুলিশ সদস্য রাশিদুল।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে আরবান স্কুলের সামনে সাত থেকে আটজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের জন্য ফতুল্লা থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানকালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা আট রাউন্ড গুলি চালায়। এতে অস্ত্রধারী মাদক ব্যবসায়ী জসিমের উরুতে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে ফতুল্লা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





























