ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৬৮ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল সিমালুঙ্গুন এলাকা থেকে প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে স্থলভাগে।
ভূমিকম্পের কম্পন তেবিং তিঙ্গি, কাবানজাহে ও লিমাপুলু এলাকার বাসিন্দারা অনুভব করেছেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের পর কোনো আফটারশকের খবরও পাওয়া যায়নি। বিএমকেজি নিশ্চিত করেছে যে, এই ঘটনায় সুনামির কোনো আশঙ্কা নেই।
এর আগে শনিবার ভোরে পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনার পর কয়েক ডজন আফটারশক অনুভূত হয়। সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।






























