উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। কেন্দ্রীয় ব্যাংকের গঠিত পর্ষদ দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মাথায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং দুজন স্বতন্ত্র পরিচালক একযোগে পদত্যাগ করেছেন।
পদত্যাগ করা কর্মকর্তারা হলেন—উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান ও এনআরবিসি ব্যাংকের সাবেক এমডি মুখতার হোসেন, প্রতিষ্ঠানটির এমডি ওয়ালি উল্লাহ, স্বতন্ত্র পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক নিয়ামুল কবির এবং অপর স্বতন্ত্র পরিচালক রফিকুল ইসলাম। চলতি বছরের ফেব্রুয়ারিতে চারজন স্বতন্ত্র পরিচালক এবং উত্তরা গ্রুপের সিএফও মাহবুব আলমকে নিয়ে পাঁচ সদস্যের এই পর্ষদ গঠন করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
চার কর্মকর্তার আকস্মিক বিদায়ের পর পর্ষদে এখন প্রতিনিধি হিসেবে কেবল দুজন অবশিষ্ট রয়েছেন। তারা হলেন—স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শফিউল আজম এবং পরিচালক মাহবুব আলম। সংশ্লিষ্ট একাধিক সূত্রের খবর, বাংলাদেশ ব্যাংকের একটি অংশ এবং প্রতিষ্ঠানের ভেতরের বিশেষ একটি পক্ষের অনৈতিক চাপের কারণে দায়িত্ব পালনে অসমর্থ হয়ে তারা একযোগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তবে পদত্যাগের বিষয়ে কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
এর আগে আমানতকারীদের অর্থ ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর, ভুয়া এফডিআরের বিপরীতে ঋণ বিতরণ ও কলমানির অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের মতো অন্তত ৩ হাজার ৪৪০ কোটি টাকার আর্থিক জালিয়াতি উদঘাটিত হওয়ার পর ২০২২ সালে তৎকালীন পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। ওই সময় উত্তরা গ্রুপের পাঁচ প্রভাবশালী পরিচালক এবং তৎকালীন এমডি এসএম শামসুল আরেফিনকে অপসারণ করা হয়েছিল। এরপর পর্ষদ পুনর্গঠন করে প্রতিষ্ঠানটিকে স্বাভাবিক ধারায় ফেরানোর চেষ্টা করা হলেও নতুন করে তৈরি হওয়া এই সংকট উত্তরা ফাইন্যান্সের ভবিষ্যৎকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিল।





























