"রক্ষা এবং সংরক্ষণ" স্লোগানকে সামনে রেখে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের মূল্যবান ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছে দি গ্রেগরিয়ান সোসাইটি (টিজিএস)। দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জাদুঘর তৈরির এটিই প্রথম যুগান্তকারী পদক্ষেপ। একদল একনিষ্ঠ সাবেক গ্রেগরিয়ানদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার ফসল হিসেবে এই জাদুঘরটি নির্মিত হচ্ছে।
সম্প্রতি স্কুল প্রাঙ্গণে জাদুঘর নির্মাণের লক্ষ্যে টিজিএস এবং সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে টিজিএস-এর পক্ষে স্বাক্ষর করেন ১৯৭৪ ব্যাচের শিক্ষার্থী ও সোসাইটির সহ-সভাপতি রিজওয়ান খাইর এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসসি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৯৮২ ব্যাচের মোঃ হাফিজ, ১৯৮৭ ব্যাচের রিচার্ড গোমেজ, স্কুলের শিক্ষকবৃন্দ এবং টিজিএস-এর অন্যান্য সদস্যবৃন্দ। দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যরা বিশ্বের নানা দেশ থেকে এই জাদুঘর নির্মাণে অবদান রেখেছেন।
স্কুলের শত বছরের পুরনো ইতিহাস সংরক্ষণ এবং শিক্ষার্থীদের অর্জনগুলো আগামী প্রজন্মের সামনে তুলে ধরার ক্ষেত্রে এই জাদুঘরটি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যরা। স্কুল প্রাঙ্গণে নির্মিত এই জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ১৩ নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।





























