ভারতের মহারাষ্ট্রে নিষিদ্ধ পণ্য ‘পান মসলা’র পরোক্ষ প্রচারের অভিযোগে বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে রাজ্যটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। তুকারাম মুন্ধের নেতৃত্বাধীন এই সংস্থাটি ৯ পৃষ্ঠার নোটিশের মাধ্যমে অভিনেতাদের অবিলম্বে বিজ্ঞাপনী প্রচার থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট সব প্রচারমূলক কনটেন্ট মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালে পান মসলা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বিমল’-এর এলাচির একটি বিজ্ঞাপনে এই তিন তারকাকে একসঙ্গে দেখা যায়। এফডিএ-র নোটিশে বলা হয়েছে, আপাতদৃষ্টিতে এটি এলাচির বিজ্ঞাপন মনে হলেও, বিমল ব্র্যান্ডটি মূলত পান মসলার জন্য পরিচিত, যা মহারাষ্ট্রে তৈরি, সংরক্ষণ ও বিক্রি আইনত নিষিদ্ধ। বিজ্ঞাপনে বিমল নামটির ব্যবহার ভোক্তাদের বিভ্রান্ত করছে এবং পরোক্ষভাবে নিষিদ্ধ পণ্যের প্রচার চালাচ্ছে। ভোক্তা অধিকার আইন অনুযায়ী, ভুল তথ্যভিত্তিক বিজ্ঞাপনে অংশ নেওয়ায় অভিযুক্তদের ১০ লাখ থেকে ৫০ লাখ রুপি পর্যন্ত জরিমানা এবং যেকোনো পণ্যের প্রচারণায় সর্বোচ্চ ৩ বছরের নিষেধাজ্ঞা হতে পারে। এ জন্য এফডিএ তাদের স্পন্সরশিপ চুক্তিপত্র ও প্রচারের যাচাই-বাছাইয়ের প্রমাণাদি তলব করেছে। উল্লেখ্য, ২০২২ সালে বিমল এলাচির একই ধরনের বিজ্ঞাপনে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অক্ষয় কুমার। পরে তিনি ক্ষমা চেয়ে চুক্তি থেকে সরে আসেন এবং পারিশ্রমিক জনকল্যাণমূলক কাজে দান করার ঘোষণা দেন।
সূত্র: ডেইলি বাংলাদেশ






























