মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া "উল্লেখযোগ্যভাবে হ্রাস" করার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তাঁর "অত্যন্ত ভালো সম্পর্কের" কথা উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই সামরিক মহড়াগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং এর সিংহভাগ খরচ মার্কিন যুক্তরাষ্ট্রকেই বহন করতে হয়। এছাড়া এই মহড়াগুলো উসকানিমূলক ও বৈরি বার্তা পাঠায়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ইরানকে "পরমাণুমুক্ত" করার মার্কিন উদ্যোগে সম্প্রতি অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ কোরিয়া। ট্রাম্পের ভাষায়, তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ কার্যক্রমে যোগ দেওয়ার অনুরোধ জানালে তারা "না, ধন্যবাদ!" বলে তা প্রত্যাখ্যান করে।
সোমবার থেকে এই বার্ষিক সামরিক মহড়া শুরু হওয়ার কথা থাকায় ট্রাম্প রবিবার তাঁর পোস্টে বলেন, এখন এটি "বাতিল করা বড্ড দেরি হয়ে গেছে"। তবে সিউল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে তাদের পূর্বনির্ধারিত এই মহড়া "পরিকল্পনা অনুযায়ীই" চলবে। পিয়ংইয়ং এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অবশ্য জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে চলতি মাসে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরই ট্রাম্পের এই ঘোষণা এলো।
এই ঘোষণার মাত্র ২৪ ঘণ্টা আগে ট্রাম্প ২০১৯ সালের কিম জং উনের সাথে নিজের একটি পুরোনো ছবি পোস্ট করে লেখেন, ছবিতে তাঁদের গম্ভীর দেখালেও তাঁরা আসলে চমৎকার বন্ধু। গত সপ্তাহে মার্কিন ও দক্ষিণ কোরীয় সামরিক কর্মকর্তারা এক যৌথ সংবাদ সম্মেলনে 'উলচি ফ্রিডম শিল্ড' নামের ১১ দিনব্যাপী এই মহড়ার ঘোষণা দেন। এতে প্রায় ১৮,০০০ দক্ষিণ কোরীয় সেনা অংশ নেওয়ার কথা রয়েছে, যা বিগত বছরগুলোর মতোই বড় আকারের।
সংবাদ সম্মেলনে সামরিক কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সহায়তায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের বিষয়টিও উল্লেখ করেন। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে প্রায় ২৮,৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মার্কিন সামরিক মুখপাত্র রায়ান ডোনাল্ড জানান, যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা উত্তর কোরীয় সেনাদের হুমকি মোকাবেলার বিষয়টি মাথায় রেখেই তাঁদের এই প্রশিক্ষণ সাজানো হয়েছে। এদিকে গত শুক্রবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই যৌথ মহড়াকে "আগ্রাসী যুদ্ধের মহড়া" হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানায়।
সম্প্রতি দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা শনাক্ত করার পরই এই মহড়ার আয়োজন করা হয়। ২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে কিম জং উনের সাথে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করেছে। উল্লেখ্য, সাত বছর আগে ট্রাম্পই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার মাটিতে পা রেখেছিলেন।
ট্রাম্পের এই বার্তা সিউলের জন্য এক মিশ্র সংকেত। একদিকে তারা চায় ট্রাম্প পিয়ংইয়ংয়ের সাথে আলোচনা শুরু করুন, যা কিমকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে। অন্যদিকে, ইরানের বিষয়ে মার্কিন বৈরিতায় দক্ষিণ কোরিয়া সরাসরি সামরিক বা লজিস্টিক সহায়তা না দেওয়ায় ট্রাম্প যে অসন্তুষ্ট, তা স্পষ্ট। ট্রাম্প জাপান, ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো অন্য মিত্রদের নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন যারা এই দ্বন্দ্বে জড়াতে দ্বিধাবোধ করছে।
সামরিক মহড়া কমানোর বিষয়ে ট্রাম্পের এই সিদ্ধান্ত অবশ্য নজিরবিহীন নয়। ২০১৮ সালে কিমের সাথে নিরস্ত্রীকরণ আলোচনার সময় তিনি এই মহড়া সম্পূর্ণ স্থগিত করেছিলেন এবং সেগুলোকে উত্তর কোরিয়ার প্রতি "উসকানিমূলক" ও "রণখেলা" আখ্যা দিয়ে বলেছিলেন, এটি বন্ধ করলে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ সাশ্রয় হবে। ২০২০ সালে করোনা মহামারির সময়েও এই মহড়া সংকুচিত করা হয়েছিল।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সাথে ১৯৫৩ সালের যুদ্ধবিরতির পর থেকে চলে আসা যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার জন্য আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। তবে ট্রাম্প অতীতে বারবার বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে নিরাপত্তা দিচ্ছে কিন্তু বিনিময়ে তেমন কিছুই পাচ্ছে না। তিনি সেখানে মোতায়েন সেনা সংখ্যা এবং ব্যয়ের সমালোচনা করেছেন, যা ওয়াশিংটন ও সিউলের মধ্যকার সম্পর্ককে জটিল করে তুলেছে। কারণ সিউল এই মার্কিন সেনাকে তাদের জোটের মূল ভিত্তি মনে করে। এই উত্তেজনা কমাতে চলতি বছরের শুরুতে দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় এবং গত বছর প্রেসিডেন্ট লি জে মিউং ট্রাম্পকে একজন শান্তিদূত হিসেবে বর্ণনা করেছিলেন।





























