বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদনটিকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রতিবেদনটি তিনি এখনো নিজে পড়েননি। তবে বিভিন্ন মাধ্যম থেকে তিনি যেটুকু জেনেছেন, তাতে প্রতীয়মান হয় যে এটি কোনো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নয়, বরং অনুমানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, সরকার এই প্রতিবেদনকে গুরুত্বের সাথে নিচ্ছে না। তিনি বলেন, আমি শুনেছি, সেটা জাতিসংঘের প্রতিবেদন পড়িনি। ওখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দিতে পারে। আমি না দেখে বলতে পারবো না। তিনি আরও বলেন, আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া, পত্রিকা থেকে যতটুকু শুনেছি, ওখানে বলা হয়েছে- তারা অনুমান করেছে যে, এ রকম হতে পারে। অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না।
একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী গত ছয় মাসে সরকারের বিভিন্ন অর্জন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আলোকপাত করেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির বিষয়টি জনগণই ভালো বলতে পারবে। তবে সরকারের পক্ষ থেকে পরিস্থিতির উন্নতির দাবি করে তিনি বলেন, আমরা তো সবসময় বলব- আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরো সময় লাগবে। আমাদের এখন মাত্র ছয় মাস পার হলো।
সরকারের গত ১৮০ দিনের কার্যক্রম সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, এই সময়ের মধ্যে সরকার অনেক সংস্কার কাজ সম্পন্ন করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার একটি সংকটময় মুহূর্ত অত্যন্ত সফলতার সাথে মোকাবিলা করেছে বলেও তিনি উল্লেখ করেন।





























