যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের ছদ্মবেশ ধারণকারী এক ব্যক্তির সঙ্গে বার্তা বিনিময় করেছেন। সোমবার পলিটিকোর এক প্রতিবেদনে চারজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বার্নহাম ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন। তবে যোগাযোগের এক পর্যায়ে তার সন্দেহ হয় যে বিষয়টি বৈধ নয়। এরপরই তিনি যোগাযোগ বন্ধ করে দেন। পলিটিকোর তথ্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে মাত্র “কয়েকটি বার্তা” আদান-প্রদান হয়েছিল।
ঘটনাটি নিয়ে যুক্তরাজ্যের সরকারি একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, “আমরা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করি না।” তবে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, আদান-প্রদান করা বার্তাগুলোর মধ্যে “গুরুত্বপূর্ণ কোনো তথ্য ছিল না।” বার্নহামের কাছে বার্তাগুলো সন্দেহজনক মনে হওয়ার পরপরই তিনি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেন।
এই ঘটনার আগে বিবিসি জানিয়েছিল যে, গত বছরের মে মাসে সুজি ওয়াইলসের ফোন হ্যাকিংয়ের ঘটনা তদন্ত করছে এফবিআই। সেই সময় ওয়াইলস জানিয়েছিলেন, তার ফোন হ্যাক হওয়ার পর কোনো এক বা একাধিক ছদ্মবেশী তার পরিচিত ব্যক্তিদের তালিকা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বার্তা পাঠিয়েছিল।




























