গাজায় চলমান সামরিক অভিযানে প্রতিরাতে ৩০ থেকে ৪০ জন বেসামরিক মানুষকে হত্যার আহ্বান জানিয়ে বিতর্কিত মন্তব্যের মুখে পড়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া তার এই বক্তব্যকে ‘ভয়াবহ ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর জ্যাকি রোজেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই উগ্রপন্থি মন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
সিনেটর রোজেন তার প্রতিক্রিয়ায় স্পষ্টভাবে উল্লেখ করেন, যারা নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের পক্ষে প্রকাশ্যে কথা বলেন, তাদের কোনো সরকারি পদে থাকার নৈতিক অধিকার নেই। বেন-গভিরের এই বিতর্কিত মন্তব্য বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং তার পদত্যাগের দাবিকে আরও জোরালো করে তুলেছে।
একই সঙ্গে মার্কিন এই সিনেটর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তিনি দ্রুত এই মন্তব্যের নিন্দা জানান। রোজেনের মতে, নেতানিয়াহুর উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটি পরিষ্কার করা যে, বেন-গভিরের এই ধরনের উসকানিমূলক বক্তব্য ইসরাইলি সরকারের দাপ্তরিক অবস্থানের প্রতিনিধিত্ব করে না।
সূত্র: Daily Amar Desh































