মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) তাদের দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী, ড. মো. নাসিমুল গনিকে ১৮ আগস্ট থেকে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই শর্তে মো. এহছানুল হকের চুক্তির মেয়াদও ১৮ আগস্ট থেকে এক বছর বাড়ানো হয়েছে।
উল্লেখ্য যে, সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের ১৭ আগস্ট অন্তর্বর্তী সরকার অবসরপ্রাপ্ত পাঁচ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে দুই বছরের চুক্তিতে সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল। সেই তালিকায় ছিলেন নাসিমুল গনি ও এহছানুল হক। তখন নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে এবং এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর নাসিমুল গনিকে সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং একই বছরের ১২ অক্টোবর এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছিল।
বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নাসিমুল গনি ২০০৯ সালে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছিলেন। প্রায় চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছিল।




























