ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, দেশের একজন নামকরা ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই চিত্রনায়িকা। তবে ব্যক্তিগত এই বিষয়টি নিয়ে পূজা চেরির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগেও বিভিন্ন সময়ে পূজার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা হয়েছে। প্রায় দুই বছর আগে তার গোপনে বাগদান হওয়ার গুঞ্জন উঠেছিল। সেই সময় এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন যে তিনি এনগেজড বা বাগদান সম্পন্ন করেছেন। তিনি আরও জানিয়েছিলেন যে পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চান। তবে তখন তিনি তার বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি।
সম্প্রতি নিজের অভিনীত কয়েকটি সিনেমার পোস্টারের সঙ্গে একটি ছবি প্রকাশ করে পূজা লিখেছেন, ‘প্রতিটি চরিত্র আমাকে নতুন কিছু শিখিয়েছে, প্রতিটি সিনেমা আমাকে আরও শক্ত করেছে। তবে বলুন তো, কোনটি এখানে নেই অনুমান করতে পারেন?’ তার এই রহস্যময় পোস্টের পর ভক্তদের মধ্যে নতুন সিনেমা কিংবা জীবনের নতুন অধ্যায় নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। যদিও সেই পোস্টে বিয়ে বা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি এই অভিনেত্রী।
‘পোড়ামন টু’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে পরিচিতি পাওয়া পূজা চেরিকে সর্বশেষ ‘দম’ সিনেমায় দেখা গেছে।































