আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালতের জ্যেষ্ঠ কৌঁসুলি আবদুলায়ে সেয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সম্মতি ছাড়া মার্কিন ও মিত্র দেশের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তারি পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
গত মঙ্গলবার (১৯ আগস্ট) এ নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা আসে। মার্কিন প্রশাসনের দাবি, তোমোকো আকানে ও আবদুলায়ে সেয়ে সরাসরি এমন কিছু কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, যা যুক্তরাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, জাপানের নাগরিক তোমোকো আকানে এবং সেনেগালের নাগরিক আবদুলায়ে সেয়েকে মন্ত্রণালয়ের ‘স্পেশালি ডিজিগনেটেড ন্যাশনালস’ (এসডিএন) তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ইমপোজিং স্যাংশনস অন দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট’ শীর্ষক একটি executive আদেশে সই করেন। মূলত ওই আদেশের আওতায়ই আইসিসির এই দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে সাবেক প্রধান কৌঁসুলি করিম খান এবং আট বিচারকসহ আইসিসির আরও ১০ কর্মকর্তাকে এই তালিকায় যুক্ত করেছিল ওয়াশিংটন। এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে আকানে ও সেয়ের নামে থাকা যেকোনো সম্পদ আটকে যাবে এবং মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবে না।
২০২৪ সালের নভেম্বরে গাজায় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এরপর থেকেই আন্তর্জাতিক এই আদালতের ওপর চাপ বাড়াতে শুরু করে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, আকানে ও সেয়ে আইসিসির এমন সব কর্মকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন, যার মাধ্যমে এমন দেশের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত, গ্রেপ্তার বা বিচার করার চেষ্টা করা হচ্ছে—যে দেশের সরকার আইসিসির এখতিয়ারই মেনে নেয়নি।
রুবিও বলেন, জাতীয় সার্বভৌমত্বের জন্য আইসিসির হুমকি দূর করতে পুরো মার্কিন সরকার যে উদ্যোগ নিয়েছে, তা হবে অত্যন্ত ব্যাপক। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও জবাবদিহিহীন এই আদালতে অর্থায়ন ও অংশগ্রহণ বন্ধ করে আরও অনেক দেশ যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে শামিল হবে। এর আগে গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর আইসিসির বিরুদ্ধে একটি বিশেষ প্রচারণাও শুরু করে। ট্রাম্প প্রশাসনের দাবি, আদালতটি মার্কিন সার্বভৌমত্বের জন্য বড় হুমকি। গত মাসে ক্যাম্প ডেভিডে দেওয়া বক্তব্যে রুবিও বলেছিলেন, যেসব দেশ আইসিসির সদস্য নয়, তাদের ওপরও আদালত এখতিয়ার দাবি করায় আইসিসি নিজেকেই অবৈধ করে তুলেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেউই আইসিসির সদস্য নয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, রুবিও মূলত ‘বিবি’ (ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু) ও আরও কয়েকজনকে রক্ষা করার চেষ্টা করছেন।
এদিকে আইসিসির ষষ্ঠ প্রেসিডেন্ট এবং এই পদে দায়িত্ব পালন করা প্রথম জাপানি নাগরিক তোমোকো আকানে মার্কিন নিষেধাজ্ঞার এই প্রক্রিয়ার শুরু থেকেই এর তীব্র সমালোচনা করে আসছেন। গত ডিসেম্বরে আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর পরিষদে দেওয়া বক্তব্যে তিনি বলেছিলেন, এ ধরনের নিষেধাজ্ঞা বিচারকরা কীভাবে তাদের দায়িত্ব ব্যাখ্যা করবেন, তাতে কোনো পরিবর্তন আনতে পারবে না। আকানে জোর দিয়ে বলেন, আইনগত কাঠামোর ব্যাখ্যা ও মামলার বিচার নিয়ে তারা কারও কোনো ধরনের চাপ কখনোই মেনে নেবেন না। আদালতের স্বাধীনতা ও নিরপেক্ষতাই তাদের মূল ভিত্তি এবং তা অটুট থাকবে বলেও তিনি উল্লেখ করেন। তবে সর্বশেষ আরোপিত এই নিষেধাজ্ঞার বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।





























