পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক এবং চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। বুধবার ভোরে শহরের নিউমার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে এই ট্র্যাজেডি ঘটে।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, হোটেলের তিনতলা থেকে আগুনের সূত্রপাত হয়। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের কারণে এই আগুন ছড়িয়ে পড়তে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, যদিও দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সময় রাত দুইটার দিকে ফায়ার সার্ভিসকে আগুন লাগার বিষয়টি জানানো হয়। এরপর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একটি বিশেষ দল উদ্ধারকাজে অংশ নেয়। ঘন ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য সিঁড়ি বেয়ে ওপরের তলায় ওঠা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। হোটেলের কক্ষগুলো দ্রুত ধোঁয়ায় ভরে যাওয়ায় অতিথিরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, এখন তাদের প্রধান লক্ষ্য হলো আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা এবং আগুনের প্রকৃত কারণ খুঁজে বের করা। ভবনের আগুন পুরোপুরি নেভানো হয়েছে এবং বর্তমানে ভবনটি ঠান্ডা করার কাজ চলছে। তবে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, এই ঘটনার মাত্র দুই দিন আগে ১৭ আগস্ট ভোরে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের ‘হোটেল বিদেশিনী’ নামের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটজন নিহত হন। সেই ঘটনায় মেঘালয় থেকে আসা একই পরিবারের দুটি শিশুসহ পাঁচজন প্রাণ হারান। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে তারা শিশুদের নিয়ে নিচে নেমে আসার চেষ্টা করলেও অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত ব্যক্তিদের রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বুধবার ভোরে শহরের অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা নিউমার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলটিতে এ দুর্ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডে ১টি শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন।






























