স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তার মেয়ে তানি দীপাবলি নেওয়াজের আবেদনের প্রেক্ষিতে প্রশাসন এই বিশেষ সিদ্ধান্তের অনুমোদন দেয়। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোলের সময়সীমা নির্ধারিত রয়েছে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী থাকা দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকেই মায়ের মুক্তির জন্য তৎপর ছিলেন তানি দীপাবলি। দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ কারাগারে মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে পৌনে ২টার দিকে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে চার দিনের জন্য প্যারোলের আবেদন করা হলেও, প্রশাসনের পক্ষ থেকে ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।
মুক্তির পর দীপু মনি ঢাকায় পৌঁছাবেন এবং তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে ৬০টিরও বেশি মামলা রয়েছে এবং তিনি কারাগারে বন্দী রয়েছেন।
































