দেশের চলমান জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতার সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারির সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে জ্বালানি ও আর্থিক খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। আলোচনার বিষয়গুলো এগিয়ে নিতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সুসংহত করতে উভয় পক্ষ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে একমত হয়েছে। এই গ্রুপটি জ্বালানি ও আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে নিয়মিত কাজ করবে।
বর্তমানে বাংলাদেশ গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে কঠিন সময় পার করছে। দেশীয় গ্যাস উৎপাদন হ্রাস পাওয়া এবং ভাসমান এলএনজি টার্মিনালগুলোর রক্ষণাবেক্ষণজনিত সমস্যার কারণে জ্বালানি সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশের জ্বালানি আমদানিতে কাতার অন্যতম প্রধান সরবরাহকারী দেশ। বর্তমান সংকটের প্রেক্ষাপটে কাতারের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোর উদ্যোগকে ঢাকা বিশেষ গুরুত্ব দিচ্ছে। জ্বালানি খাতের পাশাপাশি আর্থিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুই দেশের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে, যা ভবিষ্যতে অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গালফ বাংলা






























