মিয়ানমারের সাগাইং অঞ্চলে একটি বৌদ্ধ বিহারে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোয়েল লে ওহ গ্রামে সংঘটিত এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
স্থানীয় বিরোধী গোষ্ঠী সিভিল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন অব মিয়াউং টাউনশিপ (সিডিএসওএম) জানিয়েছে, একটি যুদ্ধবিমান বিহার প্রাঙ্গণ লক্ষ্য করে বোমা বর্ষণ করে। নিহতদের মধ্যে অন্তত তিনজন নারী রয়েছেন। প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দা জানান, ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বিহার ও এর আশপাশে শতাধিক মানুষ জড়ো হয়েছিলেন। সে সময় প্রায় ১৫ মিনিটের ব্যবধানে যুদ্ধবিমানটি থেকে দুটি বোমা ফেলা হয়।
এই ভয়াবহ হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে জান্তা বাহিনী সাধারণত দাবি করে থাকে যে, তারা কেবল বৈধ লক্ষ্যবস্তুতেই হামলা পরিচালনা করে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে, যেখানে সাগাইং অঞ্চলটি জান্তাবিরোধী সশস্ত্র প্রতিরোধের অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। জাতিসংঘের তদন্ত সংস্থা আইআইএমএম জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশটিতে বিমান হামলার ঘটনা অনেক বেড়েছে।






























