দেশে বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে এই ডিজিটাল পেমেন্ট মাধ্যমে দৈনিক গড়ে ৩ লাখ ৩ হাজার লেনদেন সম্পন্ন হয়েছে। এর ফলে প্রথমবারের মতো বাংলা কিউআরের দৈনিক লেনদেন ১০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে গেছে। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে এই মাধ্যমে প্রতিদিন গড়ে ১১০ কোটি ৩৮ লাখ টাকার কেনাকাটা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত জুলাই মাসের শুরুর দিকে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো, যার আর্থিক মূল্য ছিল গড়ে ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাৎ মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে এবং আর্থিক মূল্যের দিক থেকে তা প্রায় তিন গুণ বেড়েছে।
গত ১ জুলাই থেকে দেশের সব ধরনের মালিকানাধীন প্রতিষ্ঠানে প্রচলিত কিউআরের পরিবর্তে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়। এই সরকারি সিদ্ধান্তের পর থেকেই এই মাধ্যমে লেনদেনের হার দ্রুত বাড়তে থাকে। একই সঙ্গে বাংলা কিউআর গ্রহণকারী মার্চেন্টের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ১ জুলাই যেখানে প্রায় ১৬ লাখ মার্চেন্ট এই সেবার আওতায় ছিল, বর্তমানে সেই সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে।































