ভোলার লালমোহনে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের রোলিং পেপার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত রোববার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া বাজারের দুটি গুদামে (গোডাউন) তল্লাশি চালানো হয়। সেখান থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের ৩০ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট এবং গাঁজা সেবনের কাজে ব্যবহৃত ৩৪৮ বান্ডেল রোলিং পেপার উদ্ধার করা হয়। জব্দকৃত এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকা এবং রোলিং পেপারের মূল্য প্রায় ৫২ হাজার ২০০ টাকা।
সোমবার দুপুরে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার করা সিগারেট ও রোলিং পেপার নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।



























