নওগাঁয় মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে বিকট শব্দ সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর অপরাধে সাকলাইন মোস্তাক (রাতুল) নামের এক কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেট এলাকা থেকে ট্রাফিক পুলিশ তাকে মোটরসাইকেলসহ আটক করে।
আটককৃত রাতুল বগুড়া জেলার আদমদীঘি থানার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং বর্তমানে পরিবারের সঙ্গে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় ভাড়া থাকেন। স্থানীয়দের অভিযোগ, রাতুল তার ১৫০০ সিসির সুজুকি জিক্সার মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে শহরের রাস্তায় বিকট শব্দ করে চলাফেরা করছিলেন। এতে পথচারী ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিলে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ট্রাফিক পুলিশকে খবর দেন।
নওগাঁ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জগদীশ চন্দ্র জানান, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং আইন অমান্য করে সাইলেন্সার পরিবর্তনের দায়ে সড়ক পরিবহন আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও মামলা দেওয়া হয়েছে। একইসঙ্গে তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং বিকট শব্দ সৃষ্টিকারী সাইলেন্সারটি স্থায়ীভাবে খুলে বাজেয়াপ্ত করা হবে।































