ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই যানজট শনিবার সকাল ১০টা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এতে দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা হয়ে ঢাকামুখী মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। সকাল ১০টা পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলাচল করছিল এবং অনেক স্থানে গাড়িগুলো দীর্ঘ সময় ধরে প্রায় স্থবির হয়ে ছিল।
মহাসড়কের এই তীব্র যানজটে দূরপাল্লার বাসের যাত্রী, পণ্যবাহী পরিবহনের চালকসহ হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হওয়ায় শুক্রবার সকাল ১১টার দিকে সড়ক বিভাগ সংস্কারকাজ শুরু করে। কাজ চলাকালে মহাসড়কের একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করানো হচ্ছে। রাতের দিকে অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে না পেরে যানজট দাউদকান্দি ও মেঘনা টোলপ্লাজা ছাড়িয়ে প্রায় ৪০ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।
দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন। যানজটে আটকে থাকা অবস্থায় অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার পথে আমিরুন্নেছা নামের এক রোগী মারা গেছেন। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় জানান, আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কারকাজের কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত কাঁচপুর হাইওয়ে থানা বলতে পারবে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম নিশ্চিত করেছেন যে, সড়ক বিভাগ আষাড়িয়ারচর এলাকায় জরুরি সংস্কারকাজ চালাচ্ছে, যার ফলে অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যান চলাচল করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরও জানান, যানজট নিয়ন্ত্রণে এবং যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।





























